গণহ-ত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন পুলিশপ্রধান : চিফ প্রসিকিউটর | Daily AjKaler Kontho

গণহ-ত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন পুলিশপ্রধান : চিফ প্রসিকিউটর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ১:০১ অপরাহ্ন
গণহ-ত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন পুলিশপ্রধান : চিফ প্রসিকিউটর

আজকালের কন্ঠ ডেস্ক : সাবেক পুলিশপ্রধান আব্দুল্লাহ আল মামুন জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। এ সময় সাবেক পুলিশপ্রধানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র-জনাতার আন্দোলনে সারাদেশে যে গণহত্যা চালানো হয়েছে তার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে জুলাই আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে।

এদিন সকালে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এর আগে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সেদিন চিফ প্রসিকিউটর এই মামলার আসামিদের বুধবার (২০ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। একইসঙ্গে পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ৮ কর্মকর্তা আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক আজ তাদের আনা হয় ট্রাইব্যুনালে। এদের মধ্যে ছয়জনকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। বাকি দুজনের মধ্যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।