শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুব-লীগ নেতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুব-লীগ নেতা গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৬:১০ অপরাহ্ন
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুব-লীগ নেতা গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গ কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।এর আগে শুক্রবার ভোরে নওগাঁর মান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর থেকেই জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। অভিযুক্ত জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অডিও পুলিশের হাতে আসে। এর জেরে তার বিরুদ্ধে মামলার তদন্ত জোরদার হয়।

এ বিষয়ে ওসি মো. বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তার কর্মকাণ্ড ও শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের বিষয়টি তদন্তাধীন। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।