ওবায়দুল কাদেরকে  খুঁজছেন পলাতক আ.লীগ নেতারা | Daily AjKaler Kontho

ওবায়দুল কাদেরকে  খুঁজছেন পলাতক আ.লীগ নেতারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
ওবায়দুল কাদেরকে  খুঁজছেন পলাতক আ.লীগ নেতারা

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্যে হয়ে খুঁজছেন তাকে। পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি। কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন।

তাদের ভাষ্য মতে, ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী-এমপিসহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন, ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। টেলিফোনেও কথা হয়নি।

ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন।

এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে ২৪ আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশির ভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এ জন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা।