নেত্রকোনার দুর্গাপুরে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

নেত্রকোনার দুর্গাপুরে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ১:০২ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুরে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম ওই এলাকার মৃত জমির আলী দেওয়ান এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন আবুল কালাম । মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালু গদিঘরে এসে ঘুমিয়ে পড়ে সে। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মুঠোফোনে বার বার কল দিলে সে রিসিভ করেনি।

পরবর্তীতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে ওই গদিঘরে এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো। ওইসময় তার চাচাকে ডাক দিলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন কে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে আবুল কালামের নিথর দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।