নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক | Daily AjKaler Kontho

নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক

আজকালের কন্ঠ ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬ হাজার ২০০ মিটার জাল এবং ১০টি নৌকাসহ ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলের মধ্যে ৪৪ জনকে কারাদণ্ড, ৯ জনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় ৩৪ জনের জেল ও জরিমানা আদায় করা হয়।

জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান করে এসব জেলেদের আটক করে। এ সময় জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিন চালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ ছাড়া অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।