মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন কাল চালু হচ্ছে | Daily AjKaler Kontho

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন কাল চালু হচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন কাল চালু হচ্ছে

আজকালের কন্ঠ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর সেকশন স্টেশন। পরে তা পরিদর্শনে গিয়ে বিগত আওয়ামী সরকার জানায়, এ দুটি স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মাত্র দুই মাসেই চালু করে কাজীপাড়া স্টেশন। এরপর অপেক্ষা ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন নিয়ে। অবশেষে এ স্টেশন নিয়ে সুখবর দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় মেট্রোর এই স্টেশনটির কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই কথা জানান।

কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক।