মাদারীপুরে মানব পাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ | Daily AjKaler Kontho

মাদারীপুরে মানব পাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
মাদারীপুরে মানব পাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এস এম তানবীর ,স্টাফ রিপোর্টার : মাদারীপুরে মানব পাচারচক্রের সক্রিয় সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী অর্ধশত পরিবার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এ সময় বক্তারা মানব পাচারচক্রের সক্রিয় সদস্য দোলেয়ার সরদার ও এমদাদ ফকিরের বিচার দাবি করেন।

ভুক্তভোগীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সরদার ও এমদাদ ফকির দীর্ঘদিন ধরে এলাকার সহজসরল যুবকদের ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার প্রলোভন দেখায়। এই প্রলোভনে পড়ে অর্ধশত যুবকের পরিবার লাখ লাখ টাকা তুলে দেয় ওই দুই দালালদের হাতে। পরে ইতালীর উদ্দেশ্যে যুবকরা যাত্রা করলে মাঝপথে লিবিয়ায় তাদের বন্দি করে দালালচক্র। এরপর মাফিয়াদের কাছে বিক্রি করে পরিবারের কাছে থেকে আদায় করা হয় মুক্তিপনের লাখ লাখ টাকা। তবুও মিলছে না বন্দি যুবকদের মুক্তি। এ ব্যাপারে একাধিক মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালালচক্র। শুধু দেলোয়ার সরদার ও এমদাদ ফকির নয়, তাদের সাথে হাত মিলিয়েছে এলাকার অনেকেই। হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এই ঘটনায় দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীর পরিবার। এ ছাড়াও এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদারীপুরের কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দেলোয়ার।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্বজনরা। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীদের পরিবার। এ সময় প্রশাসনের মাধ্যমে আটক যুবকদের মুক্তি ও দালালদের কঠোর শাস্তি দাবি করেন তারা। এ ব্যাপারে আইনগত সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।