সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডি, হেরোইন-ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডি, হেরোইন-ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৫:০২ অপরাহ্ন
সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডি, হেরোইন-ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

মিলন বিশ্বাস (সাতক্ষীরা): সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অভিযানে এলএসডি, হেরোইন, ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেস বিজ্ঞপ্তিতে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন, সাতক্ষীরা সদরের ভারুখালী এলাকার নসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ গাজী (৪৩) । এর আগে গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে ভোমরা সিমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্ত পিলার ২/৬-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ব্যাটালিয়নের ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল রাত সাড়ে ১১টায় অবস্থান নেয়। ভোররাত ৪টা ১৫ ঘটিকায় আভিযানিকদল একদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে থেকে মোহাম্মদ গাজী নামের ওই মাদক কারবারির কাছ থেকে ৪ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা মূল্যের ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃত আসামী মোহাম্মদ গাজীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অপরাধে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।