বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ লাখের বেশি মানুষ | Daily AjKaler Kontho

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ লাখের বেশি মানুষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২০, ৩:২২ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ লাখের বেশি মানুষ

সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ৫৫ লাখ ৬৩ হাজার ৭৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যায় দেশের ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৬ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ১০ হাজার ৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চার কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দুই কোটি ৪২ লাখ ৭১ হাজার ২০০ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ৩৮ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৬৭ লাখ ৫৪ হাজার টাকা।

গো-খাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি ৮৬ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ এক কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৬২ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ১৯ হাজার ৭৫৬ প্যাকেট।

এছাড়াও ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৩০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মন্জুরি বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে নয় লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বন্যাকবলিত জেলাগুলো: ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।

বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৬২টি এবং ইউনিয়নের সংখ্যা এক হাজার ৫৮টি। পানিবন্দি পরিবার সংখ্যা ৯ লাখ ৯৬ হাজার ৯৮০টি এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৫ লাখ ৬৩ হাজার ৭৭৭ জন। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন।

বন্যাকবলিত জেলাগুলোর আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার ৫৬৭টি। আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৭৭ হাজার ৫২ জন। আশ্রয়কেন্দ্রে আনা গবাদিপশুর সংখ্যা ৭৪ হাজার।

বন্যাকবলিত জেলাগুলোতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ৯৮১টি এবং এখন চালু আছে ৪০৯টি।