নেত্রকোনায় পাহাড়ি ঢলে আবার বাড়ছে তিন নদীর পানি | Daily AjKaler Kontho

নেত্রকোনায় পাহাড়ি ঢলে আবার বাড়ছে তিন নদীর পানি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৪, ১:৫১ অপরাহ্ন
নেত্রকোনায় পাহাড়ি ঢলে আবার বাড়ছে তিন নদীর পানি

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোণায় বৃষ্টি আর ঢলের পানিতে প্রধান তিনটি নদীর পানি হু হু করে বেড়ে চলেছে। এর মধ্যে উব্ধাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এছাড়া কংশ ও ধনু নদীর পানিও আশঙ্কাজনকহারে বাড়ছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, বৃষ্টি আর ঢলের পানিতে জেলার প্রধান তিনটি নদী উব্ধাখালি, কংশ ও হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে চলা ধনুর পানি বাড়ছে।

সারোয়ার জাহান আরও জানান, শুক্রবার সকাল ৯টা নাগাদ উব্ধাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বইছে। সেখানে বিপৎসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কংশের পানি বেড়ে জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ২৫ সেন্টিমিটার ও ধনু নদীর পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১২ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে দুই দফা বন্যায় জেলার অন্তত ৬টি উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়। এখনও ক্ষতিগ্রস্তরা সেই বন্যার ক্ষয়ক্ষতিই কাটিয়ে উঠতে পারেননি।