দেশে একদিনে আরো ৩০ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ | Daily AjKaler Kontho

দেশে একদিনে আরো ৩০ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২০, ৩:১৩ অপরাহ্ন
দেশে একদিনে আরো ৩০ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ১৮৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

সোমবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮২টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।