নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মো. মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গতকাল রোববার (১৪ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ জুলাই) র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

গ্রেপ্তার মাসুদুর রহমান কুষ্টিয়া সদরের আব্দুল মহসিনের ছেলে।

এএসপি শিহাব করিম বলেন, গ্রেপ্তার মাসুদুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। রাজধানীর মোহাম্মদপুর থানা ও শেরেবাংলা নগর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।

তিনি বলেন, আত্মগোপনে ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখেন। গ্রেপ্তার মাসুদুর রহমান ২০০৭ সালে পড়াশোনা করা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িত হন। তিনি এমবিএ শেষে একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত থাকা অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরবর্তীতে ২০১২ সালে দুই মামলায় তিনবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।