
টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলেকে দুইদিন পর মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান, নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
মৃত উদ্ধাররা হল, টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহ’র ছেলে নুর উল্লাহ (৩৭) এবং তার ছেলে রুহুল আমিন (১৩)।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে পরিদর্শক তপন বলেন, ছালামত উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফ নদীতে নিয়মিত মাছ ধরতো। নাফ নদীর কিনারা ঘেষে তারা টানা জাল দিয়ে মাছ আহরণ করতো। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মত মাছ ধরতে যায়। এক পর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন।
নৌ-পুলিশের এ পরিদর্শক বলেন, “ ঘটনার দিন সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়ীতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।
তপন জানান, বুধবার বিকালে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুইজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :