নেত্রকোনায় পাহাড়ি ঢলে পানিবন্দি হাজারো মানুষ, বন্যার আশঙ্কা | Daily AjKaler Kontho

নেত্রকোনায় পাহাড়ি ঢলে পানিবন্দি হাজারো মানুষ, বন্যার আশঙ্কা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
নেত্রকোনায় পাহাড়ি ঢলে পানিবন্দি হাজারো মানুষ, বন্যার আশঙ্কা

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্রমাগত বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। ফলে বন্যার শঙ্কায় রয়েছে প্রশাসনসহ এলাকাবাসী। গত তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার প্রধান প্রধান নদীগুলোর মধ্যে উব্ধাখালী নদীর পানি কলমাকান্দায় বিপদসীমার ৪৭ সেমি. ওপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাসাবাড়িতে পানি উঠে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

জেলার প্রধান ধনু, কংশ, সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুই ছুই করছে বলে জানিয়েছে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড।এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকলে বসত ঘরে পানি উঠে বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কট দেখা দিতে পারে বলে শঙ্কায় রয়েছে এলাকাবাসী।

কলমাকান্দায় উব্ধাখালি নদীর পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নে ঢুকে পড়েছে। এর মধ্যে সদর, বরখাপন ও পোগলা ইউনিয়নের বেশিরভাগ এলাকা এবং কৈলাটি, রংছাতি ও খারনৈসহ বাকি পাঁচটি ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কাঁচা পাকা সড়ক পানিতে তলিয়ে গেছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার, আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী দল, মেডিকেল দলসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যা মোকাবিলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজসহ মোট ৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে বিশরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পাঁচটি পরিবারের ২০ জনের মতো আশ্রয় নিয়েছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, কলমাকান্দা পয়েন্টে উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কংশ, ধনু ও সোমেশ্বরী নদীর পানিও বেড়েই চলেছে। এদিকে জেলার হাওর উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরীর লোকালয়ে উজানের পানি ঢুকতে শুরু করেছে।