বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার | Daily AjKaler Kontho

বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার

আজকালের কন্ঠ ডেস্ক : ‘এ মুহূর্তে বস্তিবাসীর আরাম দেওয়া দরকার। বস্তিবাসী কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে, তা হলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে।’

শুক্রবার (৩ মে) সকালে চিপ হিট অফিসার বুশরা আফরিনের বরাত দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। এদিন রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ করেন মেয়র।

আতিক বলেন, আমাদের ১১টি বস্তি আছে। গরমে বস্তিবাসীকে স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করা হবে। সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি- ৯টি জায়গায় বস্তিবাসীর জন্য কুলিং জোন করে দিতে। কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে।

তিনি বলেন, আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিস্ট ছড়াচ্ছি। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে; বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। আমাদের ১০টি ব্রাউজার আছে।

বিত্তবানদের বাসার সামনে কল স্থাপনের আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, কল লাগিয়ে দিলে সবাই কিন্তু পানি খেতে পারে। পাশাপাশি দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতাদের ড্রিংকিং ওয়াটার সরবরাহ করার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির জন্য ইতোমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে বিশ্রাম নিতে পারে।