বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস | Daily AjKaler Kontho

বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস

আজকালের কন্ঠ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৪ এপ্রিল) ও সোমবার (১৫ এপ্রিল) রোদ-গরমের দাপট থাকলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে তিন বিভাগে ঝোড়ো বৃষ্টিসহ শিলা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নীলফামারি, নেত্রকোণা, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৫ এপ্রিল) আবহাওয়া পরিস্থিতি নিয়ে সংস্থাটি জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।