
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এবার দেশাত্মবোধক গানে জীবন্ত পুতুলের আদলে নাচ করলেন ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল হওয়া সেই স্কুলের শিশু শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানে তারা এই নান্দনিক নাচটি পরিবেশন করেন। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত ডিসপ্লে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এতে সূর্যমূখী কিন্ডার গার্টেন ও গার্লস স্কুলের ৪৯ শিশু নৃত্যশিল্পী প্রায় ৪ মিনিট জীবন্ত পুতুলের আদলে মনোমুগ্ধকর এই নাচটি প্রদর্শন করেন। তাদের অপরুপ প্রদর্শনীতে মনে হয় যেন পুতুলে প্রাণের ছোঁয়া লেগেছে। সে সাথে বিলুপ্ত হতে থাকা প্রাচীন ঐতিহ্য যেন আবারো প্রাণবন্ত হয়ে উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়ার হারিয়ে যাওয়া পুতুল নাচের ঐতিহ্যকে নবরূপে নতুন প্রজন্মের কাছে আবারো তুলে ধরায় জীবন্ত পুতুল নাচটি সকলের প্রশংসায় ভাসে। প্রায় বিলুপ্ত এই লোক সংস্কৃতিকে দেশাত্মবোধক গানের মাধ্যমে নতুন করে ফুঁটিয়ে তোলায় খুশি অংশ নেয়া শিশু নৃত্যশিল্পীরাও।
তারা জানান, মাত্র তিনদিনের প্রস্তুতি নিয়ে নাচটি কোরিওগ্রাফ করেছেন সূর্যমূখী কিন্ডার গার্ডেন ও গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আল সাইফুল আমিন জিয়া। তাদের প্রত্যাশা এই নাচটিও আগের বারের মত সকলের হৃদয় জয় করবে পাশাপাশি নতুন প্রজন্মও জানবে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে।
আপনার মতামত লিখুন :