লঞ্চ দুর্ঘটনা: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শুরু | Daily AjKaler Kontho

লঞ্চ দুর্ঘটনা: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১, ২০২০, ১২:১১ অপরাহ্ন
লঞ্চ দুর্ঘটনা: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শুরু

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি।
বুধবার সকাল ১১টা থেকে সদরঘাটের বিআইডব্লিউটিএ’র টার্মিনালের ভিআইপি কক্ষে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থাপনা, নৌযানের প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

লঞ্চডুবির কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে।

সাতদিনের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে কমিটি।

এর আগ সোমবার সকাল পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জ ছেড়ে আসে মর্নিং বার্ড নামের ছোট লঞ্চটি। সদরঘাটের কাছাকাছি এলে ময়ূর-২ নামের একটি লঞ্চ সেটির ওপরে উঠে যায়। এতে মাত্র ৩০ সেকেন্ডে লঞ্চটি ডুবে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি টেনে তীরে নেয়া হয়েছে। এই ঘটনায় ময়ূর লঞ্চের মালিকসহ ছয় জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।