আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : রঞ্জিত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

গতকাল সোমবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস বলেন, গতকাল সোমবার দুপুর ২টার দিকে ওই ব্যক্তি নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নম্বর রুমে ওঠেন। পরে হোটেল বয় এবং তার আশপাশের রুমের সহকর্মীরা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর বিষয়টি পুলিশকে অবগত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। রঞ্জিতের বাড়ি রাঙামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি মৃত হেমন্ত লাল চাকমার ছেলে ছিলেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।