অস্থিরতা খাদ্যপণ্যের দামে | Daily AjKaler Kontho

অস্থিরতা খাদ্যপণ্যের দামে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ২:২৭ অপরাহ্ন
অস্থিরতা খাদ্যপণ্যের দামে

আজকালের কন্ঠ ডেস্ক : রমজানকে সামনে রেখে অস্থিরতা খেজুরসহ ইফতারির সামগ্রীতে। শুল্ক কমানোর কথা বলা হলেও বেশিরভাগ খেজুরের দাম বেড়েছে কেজিতে এক থেকে দেড়শ টাকা। বেড়েছে পেঁয়াজের দামও। নতুন করে না বাড়লেও আগেই দাম বেড়ে আছে ছোলা, ডাল ও চিনি। এসবের দাম নিয়ন্ত্রণে কঠোর বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের।

খেজুরের দোকানে এই বাক-বিতন্ডাই বলে দেয় এর দাম কতটা ঊর্ধ্বমুখী। ইফতারির অন্যতম এই অনুষঙ্গটি কিনতে বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। যদিও শুল্ক কমানোর কথা বলা হয়েছিলো রাজস্ব বোর্ড থেকে। তবে তার কোন প্রভাব বাজারে নেই বলে জানান ক্রেতারা।

নতুন করে না বাড়লেও রমজানে বেশি চাহিদা থাকা ছোলা, ডাল, চিনি আর ভোজতেলের দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতারা। বলছেন জীবনযাত্রার ব্যয় বাড়ায় এসবের দাম নিয়ে বাড়তি চিন্তায় তারা। চিনির কৃত্রিম সংকটের কথা জানালেন বিক্রেতারা।

এ মৌসুমের পুরোটা জুড়েই টালমাটাল পেঁয়াজের বাজার। মাঝে কিছুটা কমলেও আবার বাড়ছে এর দাম, গত এক সপ্তাহে সব ধরণের পেঁয়াজের দামই কেজিতে বেড়েছে ২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১শ’ থেকে ১৩০ টাকায়।

বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। ৭৫০ টাকা কেজিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। ১০ টাকা বেড়ে ব্রয়লার ২১০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকা কেজি।