ভাষা ও সংস্কৃতি রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

ভাষা ও সংস্কৃতি রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
ভাষা ও সংস্কৃতি রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা ও সংস্কৃতি রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত জীবন পেতে পারে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাতৃভাষা রক্ষায় যারা আত্মোৎসর্গ করেছে সেই শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়ে গেছে। আর সেই দিবসটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ, মাতৃভাষা সংরক্ষণের প্রচেষ্টা।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার উদ্যোগের ফলে এবং তার নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ দিয়েই আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।