
আজকালের কন্ঠ ডেস্ক : গরিব ও অসচ্ছল মানুষের মধ্যে সাত টাকায় ব্যাগ ভর্তি সবজি বিক্রি করছে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
জেলার ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই সাত টাকার সবজি বিক্রির কার্যক্রম চালানো হবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান।
উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এক কেজি শিম, এক ক্রজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজার মূল্য তিন শত টাকার বেশি হলেও দরিদ্ররা পেয়েছেন মাত্র সাত টাকায়।
সাত টাকার বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের।
সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য সাত টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন নাগেশ্বরী, ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।
আপনার মতামত লিখুন :