
আজকালের কন্ঠ ডেস্ক : মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌপুলিশ। এ সময় ৭টি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করেছে তারা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর নৌ-থানার মোহনপুর এলাকায় দুস্থ, অসহায়দের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। এ ছাড়াও একটি এতিমখানাতেও জাটকা দান করা হয়।
জানা যায়, বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাটকা অভিযানের দ্বিতীয় ক্যাম্পিং অভিযান শেষ হয়েছে মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। এ ছাড়া পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :