
আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীতে মাটিকাটার এস্কেভেটর চাপায় মো. লিমন (১৩) নামে এক সিএনজি অটোরিকশা চালক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকাযর ধর্মপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা ধর্মপুরের বটতলীর দিকে যাচ্ছিল।এসময় অপরদিকে মাটিকাটার এস্কেভেটরটি শহরের দিক থেকে সেখানে পৌঁছলে একটি অপরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এরপর ছুটে এসে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সিএনজি অটোরিকশা চালক মো. লিমন মারা যায়।সে সুলতানাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার পিতার নাম জামাল উদ্দিন।
এছাড়া সিএনজি অটোরিকশার আহত যাত্রী মুন্না (১৭) ও রাতুল (১৮)কে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাকিব (১৪), শাকিল (২২) ও রাকিব (২০) ফেনী২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পাঁচজনদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ফেনীতে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :