ঝালকাঠিতে দুটি কার্গো জাহাজের সংঘর্ষে জাহাজ ডুবি | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে দুটি কার্গো জাহাজের সংঘর্ষে জাহাজ ডুবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
ঝালকাঠিতে দুটি কার্গো জাহাজের সংঘর্ষে জাহাজ ডুবি

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির গাবখান নদীর সারেঙ্গল এলাকায় দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে নূর-এ মদিনা নামে সিমেন্ট বোঝাই একটি কার্গো ডুবে গেছে। অপর জাহাজ মারিয়া রহমান-৩ আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাবখান এ দুর্ঘটনা ঘটে।
সারেঙ্গল এলাকার প্রত্যক্ষদর্শী রেজোয়ান জানান, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে গিয়ে দেখি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি থেকে অপরটি আলাদাও হচ্ছিল না। কাউখালীর দিক থেকে আসা মারিয়া রহমান-৩ খালি কার্গোর সঙ্গে সংঘর্ষে সুগন্ধা নদীর মোহনা থেকে আসা সিমেন্ট বোঝাই নূর-এ মদিনার তলা ফেটে যায়।আস্তে আস্তে পানি ঢুকে কিছুক্ষন পর সিমেন্ট বোঝাই জাহাজ নূর-এ মদিনা তলিয়ে যেতে থাকে।

৭০ লাখ টাকা মূল্যের সিমেন্ট নিয়ে পানিতে পুরোপুরি তলিয়ে যায় নূর-এ মদিনা। পরে কার্গো মারিয়া রহমান-৩ গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটি আটক করে।

ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকে থানায় বসিয়ে রাখা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের টিম এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।