কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার | Daily AjKaler Kontho

কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশের কয়েকটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে ছেনি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগরীর ছোটরা এলাকার স্কুলের পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এ ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারতরা হচ্ছে- শাওন হোসেন, সাইমন আহমেদ, মো. শাওন, বাদল হোসেন, প্রমিজ সরকার শান্ত, মেহেদী হাসান, মো. সাকিব, ফাহিম হোসেন, আরিফ হোসেন, মো. সামবীর, আকিব হোসেন, ফরহাদুজ্জামান পিয়াস, আশরাফুল ইসলাম নিলয়, কাইয়ুম হোসেন, আতিকুর রহমান ও বর্ষণ রায় জয়। তাদের নিকট থেকে ছেনি ও ছুরিসহ ১০টি দেশীয় অস্ত্র ও ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে এবং থানায় পৃথক ৪টি মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।