বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার : ডিএমপি | Daily AjKaler Kontho

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার : ডিএমপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার : ডিএমপি

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে যোগ দিতে দেখা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা নেই উল্লেখ করে লিটন কুমার সাহা বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি আমরা। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।