
আজকালের কন্ঠ ডেস্ক : নিখোঁজের একদিন পর চাঁদপুরের কচুয়ায় হাত-পা বাঁধা অবস্থায় সাব্বির হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
সাব্বির হোসেনে কচুয়া উপজেলা ভূঁইয়ারা গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের মা জাহানারা বেগম জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সাব্বির হোসেন। রাতে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে সাব্বিরের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাব্বিরের মরদেহ চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :