বান্দরবানে চাঁদের গাড়ি খাদে | Daily AjKaler Kontho

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
বান্দরবানে চাঁদের গাড়ি খাদে

আজকালের কন্ঠ ডেস্ক : বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ের খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২০ জানুয়ারি) রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা সবাই নারী। ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের হয়ে তারা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজনের মধ্যে ফিরোজা বেগম (৫৩) প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অন্যজন জয়নাব খাতুন (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী। আহতরা হলেন রাফান (১২), উষসী নাগ (১৫) ও জবা রায় নাগ (৪৫), মাহফুজা ইসলাম (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজিম তালুকদার (১৯), তাননিম, রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আব্দুল্লাহ আল হাছান বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সহযোগিতায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।