তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে : নাছিম | Daily AjKaler Kontho

তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে : নাছিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে : নাছিম

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা ‘খুনের রাজনীতি’ করে তাদের আইন করে নিষিদ্ধ করার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১০ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এ দাবি জানান তিনি।

জনসভায় সভাপতির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের মূল উৎপাটন করতে হবে। ওই সন্ত্রাসীদের নেতা, তারেক রহমানসহ খুনিদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ।’

নাছিম বলেন,‘১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে জনগণ তাদের জবাব দিয়েছে।’