বিএনপি নিজেই ডামি দল: ওবায়দুল | Daily AjKaler Kontho

বিএনপি নিজেই ডামি দল: ওবায়দুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
বিএনপি নিজেই ডামি দল: ওবায়দুল

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই একটি ডামি দল। তাদের হরতাল হচ্ছে মরচে ধরা হাতিয়ার, অতীতের মতো আগামীতেও এতে কাজ হবে না। নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বাধা দেয়া সত্বেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসানীতি কেনো দিচ্ছে না – এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে, নির্বাচনে সন্তোষজনক ভোটার উপস্থিতির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দ্বাদশ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের অনুরোধ জানান তিনি।

নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পাশাপাশি ভালো আসন পাবে এমন আশার কথা শুনিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে নির্বাচনে কোন প্রভাব ফেলবে না।

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ এবং ওআইসি’র প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগ। নির্বাচন সুষ্ঠু হবার প্রত্যাশার কথা জানিয়েছে কমনওয়েলথ।