রাজারহাটের রেল লাইনের নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা নাশকতার আশংকা | Daily AjKaler Kontho

রাজারহাটের রেল লাইনের নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা নাশকতার আশংকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
রাজারহাটের রেল লাইনের নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা নাশকতার আশংকা

রাশেদ ,রাজারহাট উপজেলা প্রতিনিধি : তিস্তা-কুড়িগ্রাম রেললাইনের রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেলে নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটতে পারে বলে আশংকা করেছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক,রাজারহাট থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান ও (ওসি তদন্ত) মো: ওয়াহেদুল ইসলাম। এ সময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত রেল লাইন মেরামত সম্পন্ন করতে সক্ষম হন তবে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে।

এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না,তা খতিয়ে দেখছে প্রশাসন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টায় দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। তিনি আরও বলেন,শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রামগামী শার্টল ট্রেন চলাচল করবে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন,প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি।

ঘটনাটি চুরি না কি অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন,ঘটনাটি কারা,কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত,তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।