
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শুরুটা দারুণভাবে করেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে দ্য গ্রিন ম্যানদের ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। এবার অজিদের সামনে বক্সিং ডে টেস্ট।
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে মাঠে গড়াবে বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে পার্থ টেস্টের স্কোয়াড থেকে এক পরিবর্তন এনেছে অজিরা।
বিগ ব্যাশে খেলার জন্য ল্যান্স মরিসকে ছেড়ে দিয়েছে স্বাগতিকেরা। এতে স্কোয়াডের সংখ্যা ১৪ থেকে কমে ১৩’তে দাঁড়িয়েছে। এখনও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা মরিসকে নিয়ে পার্থ টেস্টের আগে বেশ আলোচনা হয়েছে। তবে শেষমেশ চিরচেনা পেসত্রয়ী জশ হ্যাজলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ওপরই ভরসা রেখেছিল অজিরা। তবে স্কোয়াডে আছেন আরেক পেসার স্কট বোল্যান্ড।
আগামী ২০ ডিসেম্বর অপটাস স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে মরিসের দল পার্থ স্কর্চার্স। সেই ম্যাচের জন্য এভেইলেবল থাকবেন মরিস। অন্যদিকে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়া স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড।
আপনার মতামত লিখুন :