নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার | Daily AjKaler Kontho

নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার

আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচন কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার (৩ ডিসেম্বর) রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজীকে অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ে মানুষের সেবা নিশ্চিতের জন্য সরকারিভাবে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এটি শুধু রোগীদের সেবার জন্য ব্যবহার করা হবে। কিন্তু রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মিন্টু ফরায়েজী ওই অ্যাম্বুলেন্সযোগে লোকজন নিয়ে জেলা শহরে সংসদ সদস্য প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় যান। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।

এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৩ সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ করেও তিনি বিধিলঙ্ঘন করেছেন। এতে তাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১৪ এর ২’ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী বলেন, আমি একটু অসুস্থ। এরপরও দুইজন মেম্বারকে (ইউপি সদস্য) নিয়ে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান। আমি সোমবার (৪ ডিসেম্বর) সকালে দেখা করব বলেছি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মতবিনিময় সভা করে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে আচরণ বিধি লঙ্ঘন করেন রায়পুরের উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল। একইদিন সন্ধ্যায় ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবারও নৌকার প্রার্থী।