সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন | Daily AjKaler Kontho

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।