জনসভা ঘিরে মিছিলের নগরী খুলনা | Daily AjKaler Kontho

জনসভা ঘিরে মিছিলের নগরী খুলনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ১২:০২ অপরাহ্ন
জনসভা ঘিরে মিছিলের নগরী খুলনা

আজকালের কন্ঠ ডেস্ক : মিছিলের নগরী হয়ে উঠেছে খুলনা। মহানগরী এবং পাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। খুলনার সার্কিট হাউজ ময়দানে বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা রয়েছে।

এতে যোগ দেওয়ার জন্য ভোর থেকে খুলনার পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে কমলা রঙের গেঞ্জি এবং হলুদ কালারের ক্যাপ পরে বৃহৎ মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজার অনুসারীরা।

এ ছাড়া থেকে থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল নিয়ে নেতাকর্মীদের জনসভাস্থলে প্রবেশ করতে দেখা যায়।

সকাল পৌনে ১১টায় সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন স্থানীয় শিল্পীরা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপজীব্য করে একক ও যৌথ পরিবেশনা উপস্থাপন করে যাচ্ছেন তারা।

এদিকে সার্কিট হাউস মাঠে নৌকা ও পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের মঞ্চ। প্রায় ৪০০ অতিথি মঞ্চে বসার ব্যবস্থা রয়েছে। জনসভায় খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০ লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে, দলীয় জনসভাস্থল থেকে খুলনার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।