প্রধানমন্ত্রী পৌঁছেছেন মদিনায় | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রী পৌঁছেছেন মদিনায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৬:০১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী পৌঁছেছেন মদিনায়

আজকালের কন্ঠ ডেস্ক : জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সৌদি আরব সফরের শুরুতে মদিনায় মহানবী (সা.) এর রওজা জিয়ারত করবেন শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি মসজিদে নববীতে যাবেন।

মহানবীর (সা.) রওজা জেয়ারত এবং মসজিদে নববীতে সালাত আদায় শেষে রাতে প্রধানমন্ত্রী উড়োজাহাজে মদিনা থেকে জেদ্দায় যাবেন।

সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেদ্দার হিলটনে তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।

জেদ্দার হিলটনে সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

রাতে সেখানে প্রধানমন্ত্রী তার সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী আবার মক্কা যাবেন এবং মসজিদে হারামে নামাজ আদায় করবেন।