৭১ বছর ধরে জনগণের পাশে আওয়ামী লীগ | Daily AjKaler Kontho

৭১ বছর ধরে জনগণের পাশে আওয়ামী লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২০, ৯:০৮ পূর্বাহ্ন
৭১ বছর ধরে জনগণের পাশে আওয়ামী লীগ

আজকালের কন্ঠ ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ একটি স্ফুলিঙ্গের নাম। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে জনগণের কল্যাণ করেছে তা নয়, ৭১ বছরের পথ চলায় বেশির ভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মৃত্যুঞ্জয়ী জননেত্রী’ আখ্যা দেয়া হয়।

তথ্যমন্ত্রী বলেন, আজ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আর সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা। ১৯৫৬ সালে আওয়ামী লীগ যখন পাকিস্তান কেন্দ্রীয় সরকার গঠন করে, তখন ভাষাদিবস সরকারিভাবে পালন করা হয়। পাকিস্তানের প্রথম সংবিধানও আওয়ামী লীগের নেতৃত্বে রচিত হয়েছিল।

১৯৫০ সালের খাদ্য ঘাটতির জনপদ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ, সাড়ে ১১ বছরে মানুষের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্য নেমে এসেছে অর্ধেকে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মৃত্যুঞ্জয়ী জননেত্রী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশকে নেতৃত্ব দিয়েছেন।

আওয়ামী লীগের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে- এ প্রশ্নের উত্তরে ড. হাছান বলেন, ৭১ বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে এসেছে। এটি দুঃখজনক, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এখনও আমাদের স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তি নিয়ে কথা বলতে হয়। একটি রাজনৈতিক দল বিএনপি এখনও তাদের সহযোগী স্বাধীনতার বিপক্ষ শক্তি জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতা করে। আমাদের অগ্রগতিকে থামিয়ে দেয়ার অপচেষ্টা চলে। এগুলো অতিক্রম করাই আমাদের চলার পথের চ্যালেঞ্জ।

আজকালের কন্ঠ /এমএম