বিএনপির আমলে গোপালগঞ্জে হারিকেন জ্বালিয়ে কাজ করেছি: প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

বিএনপির আমলে গোপালগঞ্জে হারিকেন জ্বালিয়ে কাজ করেছি: প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২০, ৮:৩৪ অপরাহ্ন
বিএনপির আমলে গোপালগঞ্জে হারিকেন জ্বালিয়ে কাজ করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো বিশেষ এলাকা বা অঞ্চলে সেবা দিতে অবহেলা করে না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ বিভাগের বেশকিছু প্রকল্প উদ্বোধনের সময় অনেকটা আক্ষেপের সুরেই এ কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন ও ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালবো।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। শুধু বাতি জ্বেলে বসে থাকা নয়। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।

সব জায়গায় যাতে বিদ্যুৎ পৌঁছায় সেজন্য সৌর বিদ্যুতের উদ্যোগ নেয়া হয় বলেও প্রধানমন্ত্রী জানান। মানুষের আর্থিক সক্ষমতা বাড়িয়ে দেয়ার জন্য সরকার ভর্তুকিসহ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিগত বিএনপি সরকার শাসনামলের বিভিন্ন ইস্যু। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকতে, বাজেট দেওয়ার সময় খুব গালগল্প দিতো- এটা দেবো, ওটা দেবো। আর পরে সেই টাকাগুলো কেটে নিয়ে চলে যেতো !

শেখ হাসিনা বলেন, আমি যখন গোপালগঞ্জে যেতাম, তখন সারাদিনই বিদ্যুৎ পেতাম না। জেনারেটর অথবা হারিকেন জ্বালিয়ে কাজ করতে হতো। এই ছিল অবস্থা!

আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, আমরা কিন্তু যখন উন্নয়ন করি। তখন কিন্তু আমরা নির্দিষ্ট কোনো জায়গাকে অবহেলা করি না। আজকে আপনারা সেই দৃষ্টান্ত পাচ্ছেন যে, বগুড়ায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরাই করেছি এবং সেইটা আমরা আজ উদ্বোধনও করলাম। এছাড়া ওই জেলার মহাস্থানগড় ও শেরপুরে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে। সারাদেশে ইকোনমিক জোন করা হচ্ছে, সেখানে বিদ্যুৎ দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই উদ্যোগ। গ্রামকে শহরে রূপান্তর করা হবে। সব সুযোগ-সুবিধা যাতে সেখানে পাওয়া যায় সেদিকে নজর দেয়া হচ্ছে। পল্লি বিদ্যুতের মাধ্যমে ওইসব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে।