দুদকের মামলায় হাটহাজারীর সাব-রেজিস্ট্রার কারাগারে | Daily AjKaler Kontho

দুদকের মামলায় হাটহাজারীর সাব-রেজিস্ট্রার কারাগারে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন
দুদকের মামলায় হাটহাজারীর সাব-রেজিস্ট্রার কারাগারে

আজকালের কন্ঠ ডেস্ক : দুদকের মামলায় হাটহাজারীর সাব-রেজিস্ট্রার পারভিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে সিলেটে সাব-রেজিস্ট্রার থাকাকালীন ১ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম বলেন, ‘২০২০ সালে সিলেট সদর সাব-রেজিস্ট্রার এলাকাধীন একটি কোম্পানির নামে থাকা ১৫ একর জমির শ্রেণি পরিবর্তন করেন তিনি। একইসঙ্গে ব্যক্তি মালিকানা ও টিলা শ্রেণি দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১২টি দলিল রেজিস্ট্রেশনও করে দেন তিনি। এ ঘটনায় সরকার ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।’

পরে এ ঘটনায় কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী ২০২০ সালের ২৯ জানুয়ারি ২২ জনকে আসামি করে সিলেট মহানগর বিশেষ জজ আদালতে মামলা করেন। মামলায় দলিলদাতাকে প্রধান ও সাব-রেজিস্ট্রার পারভিন আক্তারকে ২ নম্বর আসামি করে ২২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

বুধবার সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে সিলেট আদালতে আত্মসমর্পণ না করে নিয়মিত সাব-রেজিস্ট্রার পদে অফিস করছিলেন পারভিন আক্তার। তিনি হাটহাজারীতে অফিস করেছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কয়েকজন দলিল লেখক। বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করে তারা বলেন, দুদকের মামলা কিংবা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি জানা ছিল না।

এদিকে সাব-রেজিস্ট্রার কারাগারে থাকায় হাটহাজারীর রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রিতে ভোগান্তিতে পড়ছেন ভূমি মালিকরা।