সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন
সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরের নিজ বসতভিটা থেকে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পশ্চিশ ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের ছেলে আবু সায়েম আকন্দ জানান, তাদের সঙ্গে কারও শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরের পশ্চিম ভূঞাপুর গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন সুলতানা সুরাইয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে গেলে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হলে গেট টপকে ঘরে উঁকি দিলে তার মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, রাতে নিহতের ছেলে ফোন করে বিষয়টি জানালে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তেরের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।