রেকর্ড উৎপাদনের পরও অস্থির আলুর বাজার | Daily AjKaler Kontho

রেকর্ড উৎপাদনের পরও অস্থির আলুর বাজার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন
রেকর্ড উৎপাদনের পরও অস্থির আলুর বাজার

আজকালের কন্ঠ ডেস্ক : রেকর্ড উৎপাদনের পরও অস্থির আলুর বাজার। রাজধানীতে বাজারভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চাহিদার চেয়ে ৩০ শতাংশ বেশি উৎপাদিত এ খাদ্যপণ্যটির উৎপাদন ব্যয় কেজিতে ১০ টাকারও কম। অস্বাভাবিক দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে, দুই সপ্তাহ আগে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এখনো কমেনি।

এমন নাভিশ্বাসের মধ্যে এবার বাড়তি আলুর দাম। এক মাস আগেও ত্রিশ টাকা কেজির আলু এখন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে। আলুসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বছরে আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। গেল ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয়েছে এক কোটি ১২ লাখ টন। অর্থাৎ চাহিদার থেকে উৎপাদন বেশি বাইশ লাখ টন। এরপরও দাম বেশি কেন? এমন প্রশ্নের সঠিক উত্তর নেই খুচরা ব্যবসায়ীদের কাছে।

এদিকে, কমছে না পেঁয়াজের দামও। আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ৯০ টাকা। শুধু পেঁয়াজ-আলু নয়, সব খাদ্য পণ্যের দাম নাগালের মধ্যে আনার দাবি সাধারণ মানুষের।