আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৫ আগস্টের সব শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নেতাদের কান্না হলো মায়াকান্না ও অপপ্রচার। এ সব করে তারা দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা কখনও দেশের ভালো চায় না। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় অবৈধ পন্থায় ক্ষমতায় গিয়ে দেশে খুনের রাজত্ব কায়েম করতে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের স্বপ্নের বিপক্ষে দাঁড়িয়েছে। তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা কখনও চায় না বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠুক। বিএনপি-জামায়াত সবসময় দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত থাকে। তাদের নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডন গিয়ে এখন হুমকি দেয় ও অপপ্রচার করে। তারা সুযোগ পেলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর অতীতের মত আঘাত করবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু বিশ্ববাসীর কাছে আমাদের সম্মানের জায়গায় পৌঁছে দিতে চেয়েছেন। তিনি তার জীবনে লড়াই সংগ্রাম করেছেন বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে। তার একমাত্র লক্ষ্য ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তিনি তার যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু।
আপনার মতামত লিখুন :