ভোট চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না : শেখ হাসিনা | Daily AjKaler Kontho

ভোট চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না : শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
ভোট চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না : শেখ হাসিনা

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) দেশের সর্বনাশ ছাড়া কিছুই করতে পারে না। ভোট চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গি, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান!’ তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বলে, তারা আন্তর্জাতিক শক্তি পায়। কোন শক্তিটা আছে, সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সঙ্গে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আর জামায়াত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী তারা যে অপরাধ করেছে, তাদের আমরা শাস্তি দিয়েছি। তাদের থেকেও দেশবাসী যেন সাবধান থাকে।’

শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।

তিনি আরও বলেন, ‘দেশবাসীকে বলব, গণতন্ত্র ওদের মুখের কথা, ওরা গণতন্ত্রে বিশ্বাসও করে না; ওরা দেশে গণতন্ত্র রাখবেও না। ওরা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে।’

তিনি বলেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি।

আওয়ামী লীগের দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই।

তিনি বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনো বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চাইতে হবে।

জাতির কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।