আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধুতে সংখ্যালঘুদের ওপর হামলা ও অপহরণের মত ঘটনাগুলোতে উদ্বেগ প্রকাশ করেছে সিন্ধু মানবাধিকার কমিশন (এসএইচআরসি)। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উদ্ভূত নিরাপত্তাহীনতার পরিবেশ নির্মূলে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
সিন্ধুর কান্ধকোট-কাশমোর জেলার বক্সাপুর এলাকা থেকে মুখী জগদেশ কুমার এবং আরেক সংখ্যালঘু বালক জয়দীপ কুমারকে অপহরণের ঘটনায় গত ১ অগাস্ট এসএইচআরসি চিঠি লিখেছিল।
সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে লেখা একটি চিঠিতে সংখ্যালঘুদের উপাসনালয় এবং অপহরণ ও সহিংসতার মামলাগুলোতে তার সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এসএইচআরসি।
এসএইচআরসি চিঠিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়।
জগদেশ কুমারকে ২০ জুন অপহরণ করা হলেও জয়দীপ কুমারকে তার বাড়ির বাইরে খেলার মাঠ থেকে অপহরণ করা হয় ২১ জুলাই সন্ধ্যায়।
এর আগে গত ২৫ জুলাই সিন্ধুর সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সিন্ধু পুলিশের আইজি ঘুলাম নবী মেমনের কাছে সার্বিক অবস্থা তুলে ধরে কিছু সুপারিশ করেছিল এসএইচআরসি। সূত্র : এএনআই
আপনার মতামত লিখুন :