বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা : পররাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা : পররাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন
বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা : পররাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ হয়তো জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

যারা ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন, তারা তো সামাজিক পরিচয়ে আওয়ামী লীগ— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সত্যি আওয়ামী লীগের সমর্থক না কি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করে?

প্রসঙ্গত, ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম।

এতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ড. রাব্বী আলম। এ মামলায় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রত্যাহারের আবেদনও করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

ঠিক কী অভিযোগে বাইডেন ও তার সরকারের বিরুদ্ধে এ মামলার আবেদন করেছেন, তা ফেসবুক পোস্টেও স্পষ্ট করেননি ড. রাব্বী আলম।

এ মামলার আবেদনে রাব্বীর সঙ্গে বাদী হিসেবে আরও আছেন রিজভী আলম ও শেরে আলম রাসু নামে সাবেক দুই প্রবাসী ছাত্রলীগ নেতা।