আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ | Daily AjKaler Kontho

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৭:২৯ অপরাহ্ন
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। কিন্তু সেখানে গিয়ে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। বিদেশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগেভাগেই সেখানে গেলেও, বৈরী আবহাওয়ার জন্য পূর্ণ অনুশীলন করতে পারেনি তামিম ইকবালের দল।

গত মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ছিল টাইগারদের প্রথম ওয়ানডে ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এদিকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তামিমরা। তবে এই ম্যাচের আগেও দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১২ মে) চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ওই দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিন চেমসফোর্ডের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি।

এদিকে শুধু দ্বিতীয় ওয়ানডে নয়, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে, বাংলাদেশ দলের এই সিরিজ নিয়েই শঙ্কা জেগেছে। এতে আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল ঘোষণার আগে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।