জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড | Daily AjKaler Kontho

জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম শাখার কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. সুজন (২৪), বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ (২৬) ও মাহাবুবুর রহমান ওরফে খোকন (৩৫)।

আদালত সূত্র জানা যায়, ২০১৫ সালের ২৩ মার্চ গোপন বৈঠকের সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার এনআর স্টিল মিলের সামনের একটি ভাড়া করা ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি এরশাদকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ এবং দুই থেকে তিনজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

এদিকে একই বছরের শেষের দিকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে মো. সুজন, মাহাবুবুর রহমান ও বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আকবর শাহ থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের এপ্রিলে আকবর শাহ থানা পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২০ সালের ২৪ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মঙ্গলবার নির্ধারিত দিনে এ রায় দেন আদালত। তবে গত ১১ এপ্রিল আলোচিত মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।