ফের ভেঙে দেওয়া হল কুয়েতের পার্লামেন্ট | Daily AjKaler Kontho

ফের ভেঙে দেওয়া হল কুয়েতের পার্লামেন্ট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২, ২০২৩, ৭:২০ অপরাহ্ন
ফের ভেঙে দেওয়া হল কুয়েতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সরকার গঠনের দেড় মাসের মধ্যেই আবারও ভেঙে দেওয়া হয়েছে কুয়েতের পার্লামেন্ট। দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ সোমবার (১ মে) এক ডিক্রি জারির মাধ্যমে কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।খবর রয়টার্সের।

ডিক্রিতে ক্রাউন প্রিন্স শেখ মেশাল বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী এই ডিক্রি জারি করা হয়েছে। আমরা আশা করছি, সামনের নির্বাচনের পর দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার সম্ভব হবে এবং কুয়েতের সরকারব্যবস্থা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

১৯৬২ সালে কুয়েতে মন্ত্রিপরিষদ শাসিত সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়। দেশটির পার্লামেন্টের মোট আসন ৭৬টি। যার মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য।বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

২০২০ সালের নির্বাচনের পর থেকে দেশটির পার্লামেন্টের সাথে নির্বাহী বিভাগ তথা আমিরের দ্বন্দ্ব শুরু হয়। সরকার পরিচালনায় নিজেদের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা। আমির তা মানতে নারাজ। এ থেকেই সূত্রপাত এ দ্বন্দ্বের।