তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ২৯ হাজার ১১৭ | Daily AjKaler Kontho

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ২৯ হাজার ১১৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন
তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ২৯ হাজার ১১৭

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময় রোরবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ১১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৪ হাজার ৫০০ জন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে, তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের ছয় দিন পরও অলৌকিকভাবে বেঁচে থাকাদের সন্ধান পাচ্ছেন তারা।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।